প্রিন্ট এর তারিখঃ Jun 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 21, 2026 ইং
লংগদুতে মিনি স্টেডিয়ামের দাবিতে সর্বস্তরের জনগণের মানববন্ধন।

মঞ্জুরুল ইসলাম লংগদু প্রতিনিধি:
রাঙামাটির লংগদু উপজেলায় যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং ক্রীড়া চর্চার প্রসারে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের জোর দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।
রবিবার (২১ জুন) বিকাল ৩:৩০ ঘটিকায় লংগদু উপজেলা মাঠ প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে সাংবাদিক বিপ্লব এর সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম বলি চাকমা এবং মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন (কমল)। এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, কিশোর অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। কিন্তু লংগদুতে একটি সুনির্দিষ্ট ও আধুনিক মিনি স্টেডিয়াম না থাকায় স্থানীয় তরুণরা তাদের ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, লংগদুকে মাদকমুক্ত ও একটি সুন্দর-সুস্থ সমাজ উপহার দিতে চাইলে উপজেলায় দ্রুত মিনি স্টেডিয়াম নির্মাণ করা অপরিহার্য। একটি উপযুক্ত খেলার মাঠ থাকলে যুবসমাজ নেশার অন্ধকার জগৎ থেকে রেহাই পাবে এবং সুস্থ ধারার জীবনে ফিরে আসবে। অবিলম্বে এই জনদাবি মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট